
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সোনাইমুড়ীতে আলোচিত ব্যবসায়ী ইসমাইল হোসেন কামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজন (১৯)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকার লালবাগ থানার কেল্লার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় নোয়াখালীর সোনাইমুড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজনকে গ্রেফতার করা হয়। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রাজাপুর এলাকার সাহাবউদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, নিহত ইসমাইল হোসেন কামাল (৪৩) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কাপড়ের ব্যবসা করতেন। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী রাজনসহ কয়েকজন তাকে কৌশলে তার দোকান থেকে অটোরিকশাযোগে দীঘিরজান-বজরা সড়কের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার মাথায় ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৪১/৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপনার মতামত লিখুন :